Views Bangladesh Logo

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ২০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে পর্যায়ক্রমে এসব কারখানায় ছুটি কার্যকর করা হয়। এদিকে কয়েকটি স্থানে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা পুলিশ বাধা দিয়ে সরিয়ে দিয়েছে।

অন্যদিকে, শ্রীপুরের আনসার রোড এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে মহাসড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেটস পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেন। পরে সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা কারখানা থেকে বেরিয়ে যান। এরপর মহাসড়কের পশ্চিম পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে জড়ো হন। তাঁদের দেখে ওই কারখানার শ্রমিকেরাও বেরিয়ে আসেন।

একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে আশপাশের কারখানাগুলো বন্ধের দাবিও জানান তাঁরা। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি দেওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে সিলকেন সুইং, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড ও এস এম নীট ওয়্যার লিমিটেড, আসপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেক্স, গড়গড়িয়া মাস্টারবাড়ির চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।

পরে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রীপুরের দিকে অগ্রসর হন। এ সময় ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট এবং মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরে এলাকায় এ ধরনের পরিস্থিতি চলছে। রাজেন্দ্রপুরের বাংলাবাজার, হোতাপাড়া ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধের ঘটনা ঘটছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বেরিয়ে যান। পরে শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রীপুর ও ভোগড়া এলাকায় পাঁচটি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ