Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে হাত বেঁধে শ্রমিককে নির্যাতন, ইটভাটা সরদারের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটার এক শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইটভাটা সরদার মো. ইসমাইল হোসেনসহ ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে কমলনগর থানায় দায়ের করা এ মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গুড়া এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে শুক্রবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী শ্রমিক কালু মিয়ার দুই হাত ঘরের আঁড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় অভিযুক্ত ইসমাইল হোসেন লাঠি দিয়ে তাকে পেটাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করছেন। পাশাপাশি তাকে জোরপূর্বক প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয়, যাতে ভবিষ্যতে তিনি ইটভাটা থেকে পালিয়ে না যান।

ভুক্তভোগী কালু মিয়া (৪০) উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। অভিযুক্ত ইসমাইল হোসেন তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযুক্ত ইসমাইল হোসেন দাবি করেছেন, কালু মিয়া তার কাছ থেকে টাকা নিয়ে একাধিকবার কাজ ছেড়ে পালিয়ে যান। অন্য শ্রমিকদের সতর্ক করতে তিনি ‘দু-একবার’ লাঠি দিয়ে মারধর করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, ভিডিওটি চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিকদের কাছে পাঠানো হয়েছিল, সেখান থেকেই এটি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত হোসেন বলেন, ভুক্তভোগী নিজেই মামলা করেছেন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এ ধরনের নির্যাতনের দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয়রা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ