বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে শ্রমিক নিহত, আহত ২
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের বাসিন্দা ও মো. বদরউদ্দিনের ছেলে। আহত শ্রমিকরা হলেন নয়ন ও মমিনুল।
পুলিশ জানায়, টানা বৃষ্টির কারণে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ অবস্থায় ট্যাংকের ভেতরে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে তাদের ওপর পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন