Views Bangladesh Logo

২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগ

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। হামলায় এক নির্মাণশ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ ও মাস্ক পরা প্রায় ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি টেম্পোযোগে এসে ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। তারা শ্রমিকদের মারধর, দরজা-জানালা ভাঙচুর এবং নির্মাণশ্রমিক হাসান সাকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। ভবনের নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন শ্রমিকও হামলার শিকার হন।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সিসিটিভি ফুটেজে হামলার ঘটনা ধরা পড়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ব্যবসায়ী মো. জসিম উদ্দিন দাবি করেন, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। কিছুদিন বন্ধ থাকার পর এক সপ্তাহ আগে আবারও চাঁদার জন্য ফোন আসে। তিনি বলেন, হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা করবেন।

তবে কারা চাঁদা দাবি করেছে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করতে পারেননি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ