Views Bangladesh Logo

কামরাঙ্গীরচরে হোস্টেলের শৌচাগার থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি হোস্টেলের শৌচাগার থেকে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ইয়াকুব আলী (২৫)। তিনি একটি প্রতিষ্ঠানের কর্মচারী হোস্টেলে থাকতেন।

বুধবার মধ্যরাতে সহকর্মীরা ইয়াকুব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব আলী ম্যাটাডোর গ্রুপে কর্মরত ছিলেন। তার হোস্টেলের পাশেই প্রতিষ্ঠানটির কার্যালয় অবস্থিত।

ইয়াকুব আলীকে হাসপাতালে নিয়ে যান প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান। তিনি বলেন, শৌচাগারের দরজা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে ইয়াকুবকে আহত অবস্থায় দেখা যায়। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

খবর পেয়ে হাসপাতালে আসেন ইয়াকুব আলীর বড় ভাই মো. আরফান। তিনি জানান, তিন ভাইয়ের মধ্যে ইয়াকুব ছিলেন সবার ছোট। মরদেহ দেখে তার সন্দেহ হয়েছে, ইয়াকুবকে হত্যা করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আজ বৃহস্পতিবার সকালে বলেন, ঘটনার আগে ইয়াকুব সহকর্মীদের কাছে শরীর অসুস্থতার কথা জানিয়েছিলেন। ঘটনাটি হত্যা না অন্য কারণে মৃত্যু, তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ