কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে শ্রমিকের ‘আত্মহত্যা’
গাজীপুরের কালিয়াকৈরে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি তৈরি পোশাক কারখানায় রাতের শিফটের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। এরপর কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ওই শ্রমিকের নাম মো. ইদ্রিস আলী (২৩)। তিনি উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলীর চাকরির এক বছর হয়ে গেলেও এখনো তার চাকরি স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন, তখনই তাকে গালিগালাজ করা হয়েছে। গতকাল রাতের কাজ চলাকালে কোনো এক সময় ইদ্রিস আলী কারখানার কেমিক্যাল পান করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইদ্রিস আলী মৃত্যুর আগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি অভিযোগ করেন, এক বছর ধরে তিনি চাকরি করছেন। কিছু মানুষ আসার তিন মাস, ছয় মাসের মধ্যে স্থায়ী হচ্ছেন, কিন্তু তার চাকরি স্থায়ী করা হচ্ছে না।
কারখানার দুজন কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি আরও লেখেন, ওরা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে, ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব।
এ বিষয়ে মনট্রিমস্ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মৌচাক ফাঁড়ির ইনচার্জ সেলিম জানান, বিষয়টি তদন্ত চলছে। তবে শুনেছি ওই ব্যক্তিকে গাজীপুর নেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে