মাত্র ২৭ হাজার টাকার শাড়ির জন্য নিজের সুনাম নষ্ট করার প্রশ্নই ওঠে না: তিশা
শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ না করার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় এবার মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি দাবি করেছেন, ১৪ বছরের ক্যারিয়ার গড়ে তোলার পর মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য নিজের সুনাম নষ্ট করার প্রশ্নই ওঠে না।
সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিশা বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
তিনি বলেন, আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করেছি। আমার কাজের জায়গাটা আমি ধরে রেখেছি।
ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিশা বলেন, আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। পাঁচ-ছয় দিনের মধ্যেই আমার নামে মামলা হয়ে যায়। কেউ যখন ওপরে উঠতে চায়, তখন কিছু মানুষ পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে। আমারও ঠিক এমনটাই মনে হয়েছে।
মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকার জন্য আমি এত কষ্ট করে নিজের অবস্থান তৈরি করেছি? এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে একজন নারীর কাজ করে টিকে থাকা মোটেও সহজ নয়।
গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এ অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়।
তবে তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মতামত দিন