নারী বিশ্বকাপ আমিরাতে
বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন শেষ পর্যন্ত এখান থেকে সরেই গেল। টুর্নামেন্টটি এবার আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হবে এই বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটির জন্য আমিরাতকে নতুন আয়োজক হিসেবে মঙ্গলবার ঘোষণা করেছে আইসিসি।
বাংলাদেশে না হলে স্বাগতিক হওয়ার লড়াইয়ে আমিরাতের প্রতিদ্বন্দ্বী ছিল জিম্বাবুয়ে। দুই দেশই আসরটি আয়োজনের আগ্রহের কথা জানিয়েছিল আইসিসিকে। সম্ভাবনায় কিছুটা এগিয়ে ছিল আমিরাতই।
এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আমিরাত। বৈশ্বিক আসরের ম্যাচগুলো হবে দুবাই ও শারজাহর ভেন্যুতে।
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট বাংলাদেশে আসে রাজনৈতিক পরিবর্তন। হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার।
অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড ও যুক্তরাজ্য (ইংল্যান্ড ও স্কটল্যান্ড) তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার জন্য সতর্কতাও জারি করেছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখে বিকল্প খোঁজা শুরু করে দেয় আইসিসি আগেই।
মতামত দিন