Views Bangladesh Logo

শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

অবশেষে অপেক্ষার অবসান। মেয়েদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রথমবারের মতো নারী বিপিএল মাঠে গড়াবে আগামী ৩ এপ্রিল থেকে। টুর্নামেন্ট চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী বিপিএলের আসর। এর মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সূচনা হচ্ছে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও এই আসরে অংশ নেবেন।

বিসিবি জানিয়েছে, স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট পদ্ধতির মাধ্যমে দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যাতে দলগুলো ভারসাম্যপূর্ণ হয়। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সরাসরি চুক্তির সুযোগ থাকবে। নারী বিপিএলকে আন্তর্জাতিক মানের এবং বৈশ্বিক ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার লক্ষ্য নিয়েই পরিকল্পনা সাজানো হচ্ছে।

নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। ড্রাফট, টুর্নামেন্টের ফরম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারিত্বসহ সার্বিক বিষয় তদারকি করবে এই কাউন্সিল। বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, ছেলেদের বিপিএল ইতোমধ্যে ১২টি আসর সম্পন্ন করেছে। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ঢাকা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে—২০১২ ও ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস নামে। সর্বশেষ আসরে ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ