পুলিশের গাড়িতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান
নীলফামারীর সৈয়দপুর থানায় আটক হওয়া বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন পুলিশের গাড়িতে উঠার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে সৈয়দপুর থানায় যান কাজী জাহানারা পারভীন। সেখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি থানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে থানার ভেতরেই আটক করে।
আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাকে পুলিশ গাড়িতে তোলার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ বলেও স্লোগান দিতে শোনা যায় তাকে।
পরে কাজী জাহানারাকে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে থানার সামনে তার সমর্থকদের ভিড় জমতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং পুলিশ সতর্ক অবস্থান নেয়।
এ বিষয়ে মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় কাজী জাহানারা পারভীনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে