মেয়েদের আর্চারি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও আর্চারি ফেডারেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মেয়েদের স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্চারি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সোমবার বিকেলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় উভয় ফেডারেশনের অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মেয়াদ তিন বছর। এই সময়ে ঢাকা ও তৃণমূল পর্যায় থেকে আগ্রহী মেয়েদের আর্চারি ফেডারেশনের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। এ ক্ষেত্রে আর্চারি ফেডারেশন প্রশিক্ষক এবং খেলার সরঞ্জাম সরবরাহ করবে।
অংশগ্রহণকারী আর্চারদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নিয়ে জাতীয় পর্যায়ে বা নিজেদের পক্ষে খেলার সুযোগ দিতে পারবে ফেডারেশন।
মতামত দিন