উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীসমাজ: প্রধান উপদেষ্টা ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের নারীসমাজ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের নারীরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
তিনি বলেন, ‘১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর নারীদের অধিকার রক্ষার জন্য এই দিবস পালিত হয়।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন/নারী ও কন্যাশিশুর উন্নয়ন’।
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নারীদের ভূমিকা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের সন্ধানে জুলাই-আগস্ট মাসে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের আয়োজিত গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে ছিল।’
তিনি বলেন, ‘নির্যাতনের বিরুদ্ধে হাজারো শিক্ষার্থী বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ করেছে। এই গণআন্দোলনে বেশ কয়েকজন নারী শহীদ হয়েছেন।’
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে গণআন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তারা আজ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে নারীদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব বাড়ানো যায়।’
তিনি বলেন, ‘‘নির্যাতিত, বিপদগ্রস্ত ও অসহায় নারীদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ‘নারী সহায়তা কেন্দ্র’ আইনি সহায়তা দিচ্ছে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা এবং নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সহায়তা ও ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু রয়েছে।’
ইউনূস বলেন, ‘বাংলাদেশের অদম্য নারীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের গৌরব নিয়ে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে চলেছে।’
নারীদের সাফল্যকে স্বীকৃতি দিতে সরকার ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’-সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারীদের সম্ভাবনা ও দক্ষতাকে উৎপাদনশীল কাজে যুক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে