সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন নারী এমপিরা: মির্জা ফখরুল
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সংসদকে আরও প্রাণবন্ত করতে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন নারী সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদী।
এ সময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, সংসদে গিয়ে নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্ব দেবেন।
এর আগে দুপুরে শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানের সমাধিস্থলে গিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রোববার (৩ মে) রাতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন শপথ নেন। একটি আসনে জটিলতা এখনো নিষ্পত্তি হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে