Views Bangladesh Logo

কর্মদক্ষতা ও পেশাদারত্ব দিয়ে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

কর্মদক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে বর্তমান সময়ের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে নারী সাংবাদিকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএনএসকে আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নাসিমুন আরা হক মিনু বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজকের অবস্থানে এসেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজের নানা বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নারী সাংবাদিকদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।

এ সময় যুক্তরাষ্ট্রের নারী অধিকার নেত্রী ও প্রবীণ সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনএসকে সভাপতি। শোক প্রস্তাবে নারী আন্দোলনে তার ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় সভায় জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ, বর্তমান পরিস্থিতি, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরি ও আর্থিক নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন ঝুঁকি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, সাহস ও দৃঢ়তা নিয়ে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই এই পেশায় আসা উচিত।

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জ্যেষ্ঠ সাংবাদিক লায়লী বেগম বলেন, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ বিভিন্ন অনুসন্ধানী কাজে তাকে নানা বাধার মুখে পড়তে হয়েছে।

ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, সরকার বা পরিস্থিতির পরিবর্তন যা-ই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে হবে।

উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশ-এর সমন্বয়কারী এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর গুরুত্ব দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরির আহ্বান জানান তিনি।

সভায় বিএনএসকের সহসভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, জ্যেষ্ঠ সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ, রূপম আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ