রংপুরে নারী ফুটবলারদের মাঠে নামতে বাধা, ১৪৪ ধারা জারি
রংপুরের তারাগঞ্জে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে নারী ফুটবলারদের মাঠে নামতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এদিন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু খেলা বন্ধের ঘোষণা দিয়ে মাইকিং করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী। খেলা বন্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেন তিনি।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য আগে থেকে প্রস্তুত করা ছিল মাঠ। খেলোয়াড়রাও চলে আসেন। কিন্তু নারী দলের খেলা বন্ধের ডাক ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা। কিন্তু কেউ কাউকে ছাড় না দেয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়।
ইউএনও রুবেল রানা বলেন, খেলার আয়োজক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জের নেতা এবং ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসা হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামী, বিএনপি নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তাই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিকেলে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ গিয়ে দেখা যায়, সাজানো গোছানো মাঠ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। নারী খেলোয়াড়েরা খেলতে না পেরে চলে গেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, আমাদের দাবি ছিল খেলা বন্ধ করা। খেলা বন্ধ করেছে প্রশাসন। আমরা আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করেছি।
খেলার আয়োজকদের একজন নয়ন মিয়া বলেন, এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী না বুঝে খেলা বন্ধ করে দিল। খেলোয়াড়রা ফিরে গেছে। এখন প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে