Views Bangladesh Logo

ফরিদপুরে সেপটিক ট্যাংকে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার

ফরিদপুরের মধুখালী পৌরসভার একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়া এলাকার একটি বাড়ি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে টয়লেট ব্যবহার করতে গিয়ে বাড়ির মালিক রওশানা বেগম সেপটিক ট্যাংকের ঢাকনায় অস্বাভাবিকতা অনুভব করেন। পরে তার স্বামী আলী আকবর মণ্ডল বিষয়টি দেখে সন্দেহ হলে পরিবারের সদস্যদের জানান। এরপর দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সেপটিক ট্যাংক থেকে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে একটি কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালের মাথার খুলি মাঝারি আকারের ছিল এবং এর সঙ্গে লম্বা কালো চুল পাওয়া গেছে। কয়েকটি হাড়ও বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি প্রাথমিকভাবে একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে কঙ্কালটি এনে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, কঙ্কালটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ জন্য মরদেহের অবশিষ্টাংশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ