Views Bangladesh Logo

চবির হলের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহজালাল হলে দুপুরের খাবারে এক নারীর স্টিকারযুক্ত ছবি পাওয়ার অভিযোগ উঠেছে। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নিজের খাবারের প্লেটে এই ছবিটি দেখতে পান হৃদয় মিয়া নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থী হৃদয় মিয়া বলেন, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসেন তিনি। খাওয়ার এক পর্যায়ে মাছের বাটি প্লেটে ঢালার সময় একটি স্টিকার পান, যাতে ডিজাইন করা এক নারীর ছবি ছিল এবং নিচে লেখা ছিল মেথির পুষ্টি সমৃদ্ধ। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি জানান, রান্নার জন্য আনা ম্যাজিক মসলার প্যাকেট থেকে হয়তো এটি খাবারে চলে এসেছে।

এ ঘটনায় হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। তিনি বলেন, হলের ডাইনিংয়ের খাবারে এ ধরনের কিছু পাওয়া দুঃখজনক বিষয় এবং এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার জানান দেয়। তার মতে, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, তিনি বিষয়টি দেখেছেন এবং রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি জানান, এর আগেও খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকায় আগের ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছিল। এরপরও যদি খাবারের মান নিশ্চিত করতে আরও কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আজ তিনি ক্যাম্পাসে যাননি, তাই বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। হল সংসদ থেকেও তাকে বিষয়টি জানানো হয়নি। তবে এ ধরনের কোনো অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ