Views Bangladesh Logo

গলায় কলস, চোখ-মুখ বাঁধা নারীর মরদেহ নদী থেকে উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় মাটির কলস এবং চোখ-মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছগ্রামের পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাত ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তিনি ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। তিনি গুচ্ছগ্রামের একটি ঘরে একাই থাকতেন। তার কোনো সন্তান ছিল না এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনও তেমন ছিল না বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মরদেহের গলায় মাটির কলস বাঁধা ছিল। এছাড়া কাপড় দিয়ে তার চোখ-মুখ বাঁধা ছিল। তবে প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ছাহেরা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েকজনের কাছে তার টাকা পাওনা ছিল এবং সেই টাকা আদায়ের জন্য তিনি তাদের কাছে ঘোরাঘুরি করছিলেন।

শনিবার সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনাটি তদন্তে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশও বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ