ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া গ্রামে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, নিহত নারীর গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে