কুমিল্লায় ৩ জনকে গলা কেটে হত্যা
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—তরফ আলীর বড় ছেলে, সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী (৩০), তার ছেলে হোসাইন (৫) এবং তরফ আলীর ছোট ছেলে, সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ছেলে জুবায়েদ (৪)।
নিহতদের স্বজন তুষি জানান, জহিরুল ইসলাম প্রবাসে থাকায় সুখী একমাত্র সন্তানকে নিয়ে দালান ঘরে বসবাস করতেন। সোমবার রাতে জুবায়েদও একই ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে মা জুবায়েদকে ডাকতে গিয়ে মেঝেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এরপর বাড়ির লোকজন সুখী ও হোসাইনকে খুঁজতে গিয়ে তাদেরও পাশের কক্ষে গলাকাটা অবস্থায় লাশ পান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তিনজনের হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে