Views Bangladesh Logo

গাজীপুরে বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় নারীকে শ্বাসরোধে হত্যা

গাজীপুর সদর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আনিছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিছুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় আসমা আক্তার বাধা দিলে ডাকাতরা তার ওপর হামলা চালায় এবং পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় পরিবারের পুত্রবধূকেও বেঁধে রাখা হয়। ডাকাতরা ঘর থেকে প্রায় পাঁচ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

পরদিন বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পুত্রবধূ আরিফা আক্তার বলেন, রাতের আঁধারে ৫-৬ জন ডাকাত মুখে কালো কাপড় ও হাতে চাপাতি নিয়ে বাড়িতে ঢোকে। তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং শাশুড়ি বাধা দিলে তাকে হত্যা করে।

আনিছুর রহমান বলেন, তিনি নৈশপ্রহরীর চাকরিতে ছিলেন। সকালে খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রীর মরদেহ দেখতে পান এবং ঘরে ডাকাতির ঘটনা জানতে পারেন।

জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো পরিকল্পিত ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ