ময়মনসিংহে ১০ টাকা নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার তৌহিদ লাল মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদের সঙ্গে আয়েশার ছেলে আশিকের ১০ টাকা নিয়ে বিরোধ ছিল। বিকেলে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির সৃষ্টি হয়। একপর্যায়ে আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ জানান, তুচ্ছ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে