ছেলেকে খুঁজতে বাড়িতে হামলা, বাবাকে লক্ষ্য করে গুলি, লাগল মায়ের শরীরে
খুলনা নগরের করিমনগর এলাকায় এক তরুণকে খুঁজতে গিয়ে তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ব্যক্তির স্ত্রীকে আঘাত করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিমুল বেগম (৪০) করিমনগর এলাকার বাসিন্দা ও মুঠোফোন ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী। তাঁর কোমরের পেছনের ডান পাশে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন করিমনগরের একটি বাড়িতে যান। বাড়িটির তৃতীয় তলায় মুকুল ভাড়া থাকেন। আগত ব্যক্তিরা সেখানে গিয়ে মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন।
মুকুল তাঁদের কাছে ছেলেকে খোঁজার কারণ জানতে চান। তিনি জানান, তাঁর ছেলে বাড়িতে নেই। এরপরও ওই ব্যক্তিরা সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে মুকুলের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়।
মুকুলের ভাষ্য, তখন আগত ব্যক্তিদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি তাঁকে না লেগে পাশে থাকা তাঁর স্ত্রী শিমুল বেগমের শরীরে লাগে। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। হামলাকারীদের পরিচয় ও কী কারণে তাঁরা মুকুলের ছেলেকে খুঁজতে সেখানে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, মুকুল ও তাঁর পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। হামলার কারণ অনুসন্ধানে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাই করছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন