ছিনতাইকারীরা ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মারা যান প্রধান শিক্ষিকা
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে ছিনতাইকারীদের কবলে পড়ে রিকশা থেকে পড়ে এক নারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মোছাম্মৎ রঞ্জিনা পারভীন বগুড়ার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, চিকিৎসার জন্য শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রঞ্জিনা। গাবতলী বাস টার্মিনালে নামার পর সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।
হঠাৎ ব্যাগ ছিনিয়ে নেওয়ায় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রঞ্জিনা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার অব পুলিশ ইবনে মিজান জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
মতামত দিন