যশোরে শিশু সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
যশোরের চৌগাছায় শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেন মা। সোমবার (৫ ফেব্রুয়ারিী) সন্ধ্যায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭ মাসের শিশু সন্তান মুক্তি খাতুন।
নিহত জেসমিন আক্তার (৩৫) পাতিবিলার সাদিপুর গ্রামের মুক্তার আলীর স্ত্রী এবং নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম ও ভাই শাওন হোসেন জানান, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে জেসমিনের স্বামী প্রায়ই তাকে মারধর করত। সোমবার সকালেও তাদের মধ্যে ঝামেলা হয়। এরই জের ধরে অভিমান করে এদিন সন্ধ্যায় প্রথমে মেয়েকে বিষ খাওয়ায় জেসমিন। এরপর সে নিজে খায়। পরিবারের লোকজন টের পেয়ে মা-মেয়েকে চৌগাছা হাসপাতালে নেয়। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় মা-মেয়েকে যশোর হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পরও মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার্ড করা হয়। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তাকে খুলনায় না নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। ঘটনার পরদিন (মঙ্গলবার) তার অবস্থার অবনতি হলে পুনরায় তাকে চৌগাছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাওন হোসেন আরও জানান, বোনকে যশোর থেকে খুলনায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। রেফারের কাগজ আনতে গিয়ে বোনকে দেখতে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি ওর শশুড়বাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে