Views Bangladesh Logo

সিলেটে মাজার জিয়ারতে আসা নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ২

সিলেটে চার বছর বয়সী শিশু ফহিমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ব্যাপক আলোচনার মধ্যেই এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে সিলেটে আসেন বলে সং‌শ্লিষ্ট সূত্র জা‌নি‌য়ে‌ছে।

মঙ্গলবার (১২ মে) এ ঘটনায় জ‌ড়িত দুইজনকে আটক করেছে র‍্যাব-৯। আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। সাতক্ষীরার বা‌সিন্দা ভুক্ত‌ভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব-৯ জানায়, গতকাল সোমবার রাতে হযরত শাহপরাণ (রহ.) মাজার এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগী নারী‌কে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে নগ‌রের হযরত শাহজালাল মাজার সংলগ্ন লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু সিএনজিচালিত অটোরিকশাচালক মিলে ওই নারীকে আটকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

শ‌নিবার সকালে ওই নারী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাব-৯ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।

অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয় বলে জানায় র‍্যাব-৯। তবে তাৎক্ষ‌ণিকভা‌বে আটকদের নাম পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।

র‍্যাব-৯-এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন সিএনজি-চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ