বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাহিদ হাসান-কে সোমবার (২৩ মার্চ) রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনি এলাকায় সংঘটিত এ ঘটনার পর আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কেদার ইউনিয়নের ২২ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে বল্লভের খাস ইউনিয়নের ধারিয়ার পাড়া গ্রামের জাহিদ হাসানের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মার্চ সন্ধ্যায় জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সঙ্গে নিয়ে যায়।
পথিমধ্যে আইনালের ঘাট এলাকায় দুদকুমার নদীর তীরে একটি অস্থায়ী ঘরে নিয়ে যায়। সেখানে জাহিদ তার সহযোগী বাবু ও আরও এক অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাতের দিকে ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কচাকাটা থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন্না জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে