মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন ঐ নারী।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে তাকে ঘরের দরজা খুলতে বলে। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে।
এই ঘটনায় শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় ওই নারী মামলা করেছেন বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি বলেন, 'আসামিকে ধরতে অভিযান চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।'
জানা যায়, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। পরে তাঁকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে শনিবার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে