পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, নারী আটক
কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পেকুয়া পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই নারী নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। মঙ্গলবারও তিনি একইভাবে যোগাযোগ করে বিভিন্ন তথ্য ও বিষয় নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করলে তার সন্দেহ হয়।
পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজের পরিচয়ের পক্ষে কোনো বৈধ কাগজপত্র বা তথ্যপ্রমাণ দেখাতে ব্যর্থ হন। এরপর তাকে আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, থানায় এনে জিজ্ঞাসাবাদ করার সময়ও হাছিনা আক্তার নিজেকে ডিজিএফআইয়ের সদস্য হিসেবে প্রমাণ করতে পারেননি।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
ওসি আরও জানান, প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, অভিযুক্ত নারীর প্রতারণামূলক কর্মকাণ্ডের ব্যাপ্তি এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
মতামত দিন