কুড়িগ্রামে রাতে নিখোঁজ নারীকে সকালে পাওয়া গেল তেঁতুলগাছের মগডালে
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে একটি তেঁতুলগাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার পুকুরপাড়ে থাকা একটি তেঁতুলগাছে ওই গৃহবধূকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ওই নারী গত মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সকালে গাছের ডালে তাকে দেখতে পান এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী কখনো বসা, কখনো শোয়া অবস্থায় গাছের ডালে ছিলেন এবং কিছু খাওয়ার দৃশ্যও দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নামানোর চেষ্টা করে। শুরুতে তিনি সহযোগিতা করতে রাজি না হলেও পরে কৌশলে তাকে নিরাপদে নিচে নামানো হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিবারের সহায়তায় তাকে গাছ থেকে নামিয়ে আনা হয়।
উদ্ধারের পর ওই নারীর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে