Views Bangladesh Logo

যমুনায় নৌকাডুবিতে নারী শ্রমিক নিখোঁজ, জীবিত উদ্ধার ৯

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৯ জনকে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০ জন নারী শ্রমিক যমুনা নদীর পূর্ব পাশে জেগে ওঠা শানবান্ধা চরে ভুট্টা ও বাদাম তোলার কাজে যান। তবে আকাশে মেঘ জমতে শুরু করলে তারা কাজ না করে নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

সকাল প্রায় ১০টার দিকে বানিয়াজান এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন প্রায় এক কিলোমিটার ভাটির বরইতলী ঘাট এলাকা থেকে ৯ জন নারী শ্রমিককে জীবিত উদ্ধার করেন।

নিখোঁজ নারী শ্রমিকের নাম আঙ্গরী খাতুন। তিনি গোশাইবাড়ি এলাকার গুচ্ছ গ্রামের বাসিন্দা। তার স্বামী লাল মিয়া জানান, ডুবে যাওয়া নৌকাটিতে তার স্ত্রীও ছিলেন এবং এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া হাজেরা বেগম বলেন, আমরা প্রতিদিন ভোরে চরাঞ্চলে ভুট্টা ও বাদাম তুলতে যাই। নৌকাটি ডুবে গেলে আমি সাঁতার কেটে প্রায় এক কিলোমিটার ভাটির দিকে বরইতলী ঘাট এলাকায় গিয়ে তীরে উঠি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নারী শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ