রাতে ঘরের দরজা ভেঙে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ঘরের দরজা ভেঙে এক কিশোরীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে ছুরিকাঘাতে নিহত হন কিশোরীর দাদি দিলারা বেগম (৫৪)। হামলায় আহত হয়েছেন কিশোরী ও তার মা সাজনা বেগম।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিলারা বেগমের ছেলে মো. আম্বিয়া দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসী হিসেবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও মেয়ে থাকতেন। ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করে।
কিশোরীর চিৎকার শুনে তার মা ও দাদি এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে দিলারা বেগম ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কিশোরী ও তার মা। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত মা-মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল মতিন জানান, এর আগেও প্রবাসী আম্বিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। এছাড়া আম্বিয়ার সঙ্গে আরেক ওমানপ্রবাসীর টাকাপয়সা সংক্রান্ত বিরোধ ছিল।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ওমানপ্রবাসী হারুন নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। নিহতের ছেলে আম্বিয়ার সঙ্গে তার আর্থিক বিরোধ ছিল এবং এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে