Views Bangladesh Logo

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধূ নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগরে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ চায়না খাতুন (৪০) ছিলেন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ ও মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দিবাগত রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয় এবং সোমবার সকালে উত্তেজনা বাড়ে।

মঙ্গলবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। তখন রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়, গুলি বর্ষণ করে এবং বাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলেই চায়না খাতুন মারা যান। এছাড়া গুরুতর আহত অন্তত ১০ জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলাম প্রামাণিক দাবি করেছেন, ঘটনার সময় তিনি হামলা থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রাজা গ্রুপের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অপরদিকে অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং কোনো গুলিবর্ষণের সঙ্গে তার যোগ নেই।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খঈম উদ্দিন বলেন, গুলিতে ওই নারী নিহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হামলার কারণ ও বিস্তারিত ঘটনা সম্পর্কে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ