বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪
কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা অন্য যাত্রীরা কাছাকাছি থাকা একটি ট্রলারের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও থানা-পুলিশ তল্লাশি শুরু করে।
নিহত নারী রাশিদা বেগম (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলালউদ্দিন (৫৪), তার ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) এবং ছেলে সামিন হোসেন (৫)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ্ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ আত্মীয় ট্রলারে করে রওনা হন। যাত্রীদের সঙ্গে ট্রলারে দুটি গরু ও একটি খাসিও ছিল।
বিকেলে সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে পৌঁছানোর পর হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। এতে নদীতে বড় ঢেউ উঠলে ট্রলারে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা আটজনকে জীবিত উদ্ধার করে। প্রায় আধা ঘণ্টা পর নদী থেকে রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তবে চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের পাশাপাশি থানা-পুলিশও কাজ করছে।
ট্রলারের মাঝি আহম্মেদ আলীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ওসমান গণি জানান, ঝোড়ো বাতাসের কারণে ট্রলারে পানি ঢুকে সেটি ডুবে যায়। ট্রলারে ১৩ জন যাত্রী, দুটি গরু ও একটি ছাগল ছিল। নিখোঁজদের সন্ধানে নদীতে ট্রলার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে নদীতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।
মতামত দিন