চাঁদপুরে লঞ্চে সন্তান প্রসব, নবজাতককে লঞ্চমালিকের উপহার
চাঁদপুরে হাসপাতালে যাওয়ার পথে একটি লঞ্চে এক প্রসূতির সন্তান জন্ম হয়েছে। পরে মা ও নবজাতককে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক বর্তমানে ভালো আছে, তবে মায়ের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং রক্ত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, তারা চাঁদপুরগামী এমভি হাশেমপুর লঞ্চে করে হাসপাতালে যাচ্ছিলেন। পথে হঠাৎ প্রসবব্যথা শুরু হলে লঞ্চেই শিশুটির জন্ম হয়।
ঘটনার পর নৌ পুলিশের সহায়তায় মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ পুলিশের কর্মকর্তা।
এদিকে মানবিক উদ্যোগ হিসেবে লঞ্চমালিক নবজাতককে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি ওই লঞ্চে নবজাতকের যাতায়াত আজীবনের জন্য ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে