Views Bangladesh Logo

ভোলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নারীর পরিবারের অভিযোগ, রোববার ২২ ফেব্রুয়ারি রাত ৯টার পর তাকে গণধর্ষণ করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী সুস্থ হলে মামলা দায়ের করা হবে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং তার বক্তব্য রেকর্ড করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার সময় নারীটি খুব অসুস্থ ছিলেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শরীরে আঘাতের চিহ্ন ছিল, তবে খুব গভীর নয়। এখানে নারী চিকিৎসক না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারীর শ্বশুরবাড়ি বরিশালে। সন্তান হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে তজুমদ্দিনে তার বাবার বাড়িতে রেখে যান।

নারীর পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার তজুমদ্দিন উপজেলায় পাঁচ দিনব্যাপী কীর্তন অনুষ্ঠান শুরু হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূ সেখানে যান। এ সময় তিন দুর্বৃত্ত তার মুখ বেঁধে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ