গ্রিন রোডের আবাসিক হোটেলে তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর গ্রিন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান থানার আওতাধীন হোটেল রূপসা ইন্টারন্যাশনাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তানিয়া নবীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালী চর গ্রামে। তার বাবার নাম নুর নবী ও মায়ের নাম শামীমা আক্তার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশি জানান, গত ১৯ এপ্রিল রাতে ওই তরুণী হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। সে সময় তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান, আইইএলটিএস পরীক্ষা দিতে গ্রাম থেকে ঢাকায় এসেছেন। তার বাবা-মা তেজগাঁও এলাকায় থাকেন এবং স্বামী সাগর কুমিল্লায় অবস্থান করছেন। তাকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ওই তরুণী খুব একটা কক্ষের বাইরে বের হতেন না এবং বেশির ভাগ সময় দরজা-জানালা বন্ধ রাখতেন। নিয়মিত ভাড়াও পরিশোধ করছিলেন না। বৃহস্পতিবার দুপুরে ভাড়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাথরুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি আরও জানান, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে