Views Bangladesh Logo

সন্তানের মরদেহ নিয়ে প্রেমিকের বিচারের দাবিতে মায়ের মানববন্ধন

ঝালকাঠিতে বিয়ের দাবিতে বহুবার চেষ্টা করেও স্বীকৃতি পাননি এক মা। উল্টো ১৩ মাসের কন্যাসন্তানকে হারানোর পর ভুক্তভোগী মা তার শিশুসন্তানের মরদেহ নিয়ে অভিযুক্ত প্রেমিকের বিচারের দাবিতে রাস্তায় নামলেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্ব ভাউতিতা গ্রামের একটি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিশুটির মা লিয়া মনি আক্তার, তার পরিবার এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। নিহত শিশুর নাম জেসমিন।

লিয়া মনি জানান, ২০২১ সালে পূর্ব ভাউতিতা গ্রামের হৃদয় ব্যাপারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের সময় হৃদয় ও তার মামা ও নানা উপস্থিত ছিলেন। এরপর তিন দিন পর নবজাতককে কৌশলে হৃদয় ও তার পরিবারের সদস্যরা নিয়ে পালিয়ে যান এবং রাস্তার পাশে ফেলে যান। এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান।

ঘটনার তিন মাস পর লিয়া মনি ও তার পরিবার শিশুটির অবস্থার খবর জানতে পারেন। চলতি বছরের ৯ মার্চ শিশুটিকে অসুস্থ অবস্থায় বাড়িতে আনা হয় এবং পরদিন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশুটি মারা যায়।

এর আগে ৯ মার্চ শিশুটির মা হৃদয় ব্যাপারীসহ তিনজনকে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছেন।

অন্যদিকে হৃদয়ের বাবা আবুল ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা।”

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক, গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ