রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকিয়া সুলতানা শহরের কাদেরিয়া মার্কেটের তৃতীয় তলায় 'আস্থা পোশাক শিল্প' নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক।
ব্যবসায়ীরা জানান, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠানের নারী কর্মচারী বৃষ্টি খাতুন নিজে ব্যবসা শুরু করার উদ্যোগ নিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জাকিয়া বাজারের ব্যবসায়ী নেতাদের কাছে অভিযোগ করলে তাদের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করা হয়। তবে শনিবার একই বিষয় নিয়ে আবারও ব্যবসায়ী নেতা আব্দুল আজিজ মণ্ডলের কাছে গেলে তিনি মীমাংসায় অপারগতা জানান, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জাকিয়া শতাধিক নারীকে নিয়ে মাইকসহ কাদেরিয়া মার্কেটের নিচতলায় মিছিল করেন বলে ব্যবসায়ীরা জানান। এতে উত্তেজনা তৈরি হলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানান এবং বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দোকানপাট আবার খোলা হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী সমিতির লোকজন মিছিল নিয়ে যাচ্ছেন, মিছিলের সামনে এক নারী পুলিশ সদস্যের সঙ্গে রয়েছেন জাকিয়া সুলতানা। পেছন থেকে কয়েকজন ব্যক্তি তাকে লাথি ও ঘুষি মারছেন এবং একাধিক ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে কাপড় বাজারে গিয়ে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ব্যবসায়ীরা দাবি করেন তারা বাইরের লোক। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জাকিয়া সুলতানা জানান, তিনি প্রায় ১২ বছর ধরে কাপড় বাজারে ব্যবসা করছেন। তার অভিযোগ, বিভিন্নভাবে তার প্রতিষ্ঠানের কর্মীদের অন্যরা প্রভাবিত করে নিয়ে যায়।
তিনি বলেন, তার এক কর্মচারী গত ১৫ জুলাই মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে চাকরি ছাড়ার কথা জানালে তিনি আগস্ট পর্যন্ত কাজ করার অনুরোধ করেছিলেন। পরে ২২ আগস্ট জানতে পারেন, ওই কর্মচারী অন্য দোকানে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন—এরপর তিনি তাকে দোকানে না আসতে এবং ১০ তারিখে বেতন নিতে বলেন। এর জেরেই তার দোকানে হামলা হয় এবং হামলাকারীরা কর্মচারীকে বেতন দিতে চাপ দেয় বলে অভিযোগ তার। বিষয়টি নিয়ে মামলা করতে চাইলে ব্যবসায়ী নেতারা তাকে নিষেধ করেন বলেও দাবি করেন তিনি। এখনো থানায় লিখিত কোনো অভিযোগ না করলেও প্রকাশ্যে লাঞ্ছনার শিকার হওয়ায় মামলা করা প্রয়োজন বলে মনে করেন জাকিয়া। তিনি আরও জানান, তার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী কর্মী কর্মরত আছেন।
রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি বাজারে গিয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান, ওই নারী উদ্যোক্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ শুনে আসছেন এবং তার প্রতিষ্ঠানের এক কর্মচারীকে নিজের দোকান দিতে না দেওয়ার বিষয় থেকেই এই বিরোধের সূত্রপাত বলে তিনি জেনেছেন। পরে রাজবাড়ী থানা পুলিশ এসে জাকিয়া সুলতানাকে নিরাপত্তা হেফাজতে নেয়। থানায় গেলেও কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি, তবে কাপড় বাজারে ওই নারীকে আর ব্যবসা করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি এবং উভয়পক্ষ বসে বিষয়টি মীমাংসা করবে বলে তিনি শুনেছেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও প্রসঙ্গে তিনি জানান, পুলিশ এখনো ভিডিওটি দেখেনি এবং ভুক্তভোগী অভিযোগ দিলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন