Views Bangladesh Logo

পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় রাজবাড়ীতে গ্রেপ্তার ৩

রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) ও মো. হেলাল উদ্দিন (৩৮)।

পুলিশ জানায়, সোমবার রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি ব্যবসা পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। এজাহারে বলা হয়েছে, গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং জাকিয়াকে হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট শনিবার বেলা ১১টার দিকে বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিজের প্রতিষ্ঠানে হামলার অভিযোগের বিচার দাবিতে তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বাজারে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই তাকে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করেছেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তার করা মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, মারধরের ঘটনায় কোনো মামলা হয়নি। পরে জাকিয়া সুলতানা থানায় মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ