Views Bangladesh Logo

উখিয়ায় জেনারেটরের সঙ্গে ‘ওড়না-চুল পেঁচিয়ে’ নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৩-এর ব্লক-এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের কাজ পরিদর্শনের জন্য সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৩-এর ওই হাসপাতালে যান ফারহানা। সকাল ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় তাঁর পরনের ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। পরে তাঁর চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ