স্বামীর জামিনে ক্ষোভে এজলাসে নারীর বিষপান
ফেনীতে আদালতের এজলাসে স্বামীর জামিনে ক্ষুব্ধ হয়ে এক নারী বিচারপ্রার্থী বিষপান করেছেন। রোববার (১০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলী আদালতে ঘটনাটি ঘটে। এতে আদালত প্রাঙ্গণে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভুক্তভোগী নারী তাহমিনা আক্তার মোহনা আদালতে চলমান একটি পারিবারিক নির্যাতন ও দাম্পত্য কলহ সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তার স্বামী আকবর হোসেনকে জামিন দিলে তিনি হঠাৎ এজলাসেই বিষপান করেন।
স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালে ফুলগাজী উপজেলার চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। তবে বিয়ের পর তিনি জানতে পারেন, তার স্বামীর আগেই স্ত্রী ও সন্তান রয়েছে। এরপর থেকেই দাম্পত্য কলহ ও নির্যাতনের অভিযোগে তিনি আদালতের শরণাপন্ন হন।
মোহনার অভিযোগ, স্বামী ও তার পরিবারের নির্যাতনের বিরুদ্ধে মামলা করেও তিনি ন্যায়বিচার পাননি। রোববার শুনানিতে স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় তিনি ক্ষোভে আদালত কক্ষেই বিষপান করেন।
ঘটনার পরপরই উপস্থিত আইনজীবী, পুলিশ ও আদালত কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
মামলার বাদীপক্ষের আইনজীবী জহির উদ্দিন মামুন বলেন, পারিবারিক নির্যাতন ও বিচার না পাওয়ার হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকন উদ্দৌলা জানান, মোহনাকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা হিসেবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে