Views Bangladesh Logo

স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশন

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে অভিযুক্ত স্বামীর বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুণী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে সরে গেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অনশনরত তরুণী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।

তরুণীর দাবি, প্রায় এক বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে একটি বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন তারা। এরপর বিভিন্ন সময় ফেরদৌস তাকে নিজের বোনের বাড়িতে নিয়ে গেলেও পরবর্তীতে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।

এ অবস্থায় রোববার সকালে ফেরদৌসের বাড়িতে গিয়ে বিষের বোতল হাতে অনশন শুরু করেন ওই তরুণী। তার দাবি, বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি না পেলে তিনি বিষপান করে আত্মহত্যা করবেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা জানান, অনশনের খবর পেয়ে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান।

অভিযুক্তের বক্তব্য জানতে তার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি সম্পর্কে তার জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ