বিচারের নামে নির্যাতন, পরকীয়ার অভিযোগে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সালিশি বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ উঠেছে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামের এক যুবকের সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সেখানে ওই নারী ও সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালিশি বৈঠকের মধ্যেই ওই নারীকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে। একপর্যায়ে তাকে জুতা দিয়ে আঘাত করার দৃশ্যও দেখা যায়। বৈঠকে উপস্থিত লোকজনের সামনেই ঘটনাটি ঘটলেও কেউ তা ঠেকানোর উদ্যোগ নেননি বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন দাবি করেছেন, তিনি সালিশের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো অভিযোগের বিচার করার নামে কাউকে শারীরিকভাবে নির্যাতন বা প্রকাশ্যে অপমান করার সুযোগ নেই। এ ধরনের শাস্তি দেওয়ার কোনো আইনগত ভিত্তিও নেই।
কুমিল্লা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, কোনো অভিযোগ সত্য হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। অভিযোগের নিষ্পত্তিতে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সালিশের নামে শারীরিক নির্যাতন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে প্রকাশ্যে একজন নারীকে হেনস্তা করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামও জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন