সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু করে বিক্ষোভ, নারী আটক
রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন সোহানী শিফা। তিনি সচিবালয়ের সামনে প্রতীকীভাবে একটি ভাতের হোটেল চালু করেন। পরে পুলিশ ওই ভাতের হোটেল সরিয়ে দেয় এবং তাকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক করার কারণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহানী শিফা ঘোষণা দেন, ঢাকার মেট্রো স্টেশনগুলোর আশপাশের সড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে রোববার থেকে সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু করবেন।
তিনি জানান, তার এই হোটেলে ১০ টাকায় গরিব ও অসহায় মানুষকে ভাত খাওয়ানো হবে। একই পোস্টে তিনি দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধনে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছিলেন।
মতামত দিন