সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার
প্রতারণা মামলায় আদালতের বিদেশযাত্রা নিষেধাজ্ঞা থাকায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী এক নারীকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের নির্দেশ অনুযায়ী তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল।
তিনি জানান, ওই নারী বিমানে উঠে আসন গ্রহণ করেছিলেন। পরে তথ্য যাচাই করে তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন