শিশুসন্তানদের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, দুইজন আটক
গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে ডেকে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী নারীর অভিযোগ, মঙ্গলবার রাতে দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বসেছিলেন তিনি। সেখানে সোহরাব হোসেন নামে স্থানীয় এক পান ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। আশ্রয় ও আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সোহরাব তাকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই সন্তানের সামনে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বিচার চেয়ে সন্তানদের নিয়ে কয়েকজনের কাছে যান ওই নারী। তবে কেউ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় হতাশ হয়ে সন্তানদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান তিনি।
জানা গেছে, ওই নারী দুই সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তি করেন। কয়েক মাস আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর সন্তানদের নিয়ে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। কয়েক মাসের ভাড়া দিতে না পারায় মঙ্গলবার বাড়ির মালিক তাকে বাসা থেকে বের করে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, বৃহস্পতিবার ভুক্তভোগীর দেখিয়ে দেওয়া শহীদুল ইসলাম ও গৌতম সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ওই নারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ওই নারী পুলিশকে জানিয়েছেন, তিনি যৌনকর্মী এবং মামলা করতে চান না। তবে অভিযোগের বিষয়ে পুলিশ ধর্ষণের মামলা নিতে প্রস্তুত রয়েছে।
মতামত দিন