যাত্রাপথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
কুমিল্লার হোমনায় অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এক দম্পতির পথ রোধ করে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা কৃষি কলেজ এলাকায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাতে তারা অটোরিকশাযোগে নারীর বাবার বাড়ি তিতাসে যাচ্ছিলেন। হোমনা কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) এবং তার সঙ্গে থাকা কয়েকজন দম্পতির পথরোধ করে অটোরিকশাটি জোরপূর্বক একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়।
সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে। অন্যরা নারীর স্বামী ও অটোরিকশাচালককে দূরে সরিয়ে নেয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় আশিকুর রহমান নারীকে ধর্ষণ করেন।
পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা প্রথমে হাসপাতালে এবং পরে থানায় যান।
ওসি টমাস বড়ুয়া জানান, ভোর ৪টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীসহ থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে