Views Bangladesh Logo

স্ত্রীর বিরুদ্ধে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ এক ব্যক্তিকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে তার সাবেক স্ত্রী ও সন্তানরা সেখানে রেখে যান। তবে অভিযুক্ত নারী এ অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার কালমেঘা এলাকায় ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন (৪৯) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থাকার পর অসুস্থ হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন জামাল উদ্দিন। তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে তাকে পৈতৃক বাড়ির পাশের সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তার এক স্বজনের বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে অসুস্থ ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী অভিযোগ করেন, তার ভাইকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে।

তবে অভিযুক্ত রিনা আক্তার দাবি করেন, কয়েক মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং ওই রাতে জামাল উদ্দিন কীভাবে সেখানে পৌঁছেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, ঘটনাটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ