Views Bangladesh Logo

কনকনে হাওয়ায় কাঁপছে তেঁতুলিয়া, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কয়েক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও উচ্চ আর্দ্রতার কারণে সকাল ও সন্ধ্যায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। তবে বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন শুক্রবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিমালয়সংলগ্ন অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তেঁতুলিয়ায় শীতের অনুভূতি আগেভাগেই শুরু হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

শীতের তীব্রতা বাড়লেও জীবিকার প্রয়োজনে ঘরে বসে থাকার সুযোগ নেই নিম্ন আয়ের মানুষের। সকাল থেকেই চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা এবং নদীর ঘাটে কাজে নামছেন শ্রমজীবীরা। একইভাবে ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরেরা।

শ্রমজীবী মানুষেরা জানান, ভোর ও সকালে ঠান্ডার প্রকোপ বেশি থাকে। তবে সূর্যের আলো ছড়িয়ে পড়লে কাজকর্মে কিছুটা স্বস্তি পাওয়া যায়। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেশি থাকায় অনেকে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন।

এদিকে তাপমাত্রা কমতে থাকায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। ঠান্ডার কারণে সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এ সময় শিশু ও প্রবীণদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, তেঁতুলিয়ায় এখন সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেশ তীব্র। দুপুরে রোদে কিছুটা স্বস্তি মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডার প্রভাব পুরোপুরি কাটছে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ